অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদকবিরোধী পৃথক অভিযানে এক ইয়াবা কারবারি ও চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াবা কারবারি দেলোয়ার হোসেন দুলি (৩৭), বৌবাজার এলাকার মৃত মোহাম্মদ মোল্লার মেয়ে রোজিনা বেগম (৪০), গুয়াখোলা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৫৭), একই গ্রামের মৃত খলিলের ছেলে জাহাঙ্গীর (৩৭) এবং শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহুল ইসলাম হিমেল (১৯)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মাদকবিরোধী অভিযানে বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দুলিকে গ্রেপ্তার করা হয়। পরে বৌবাজার এলাকা থেকে এক পুরিয়া গাঁজাসহ রোজিনা বেগমকে, গুয়াখোলা গ্রামের পৌর বাইপাস সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ফারুক বিশ্বাসকে এবং একই গ্রামের হাইস্কুল গেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে ৯৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
অপর এক অভিযানে শংকরপাশা গ্রামে নিজ বাড়ি থেকে মাদক সেবন ও মাতলামির অভিযোগে রাহুল ইসলাম হিমেলকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে ৯৫ দিন এবং একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।