কয়রা (খুলনা) প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খুলনার কয়রায় র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কয়রা উপজেলা পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান এবং কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জি এম মাওলা বক্স, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, ফায়ার টিম লিডার আব্দুল আহাদ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে ফায়ার সার্ভিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক অগ্নিকাণ্ড নির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।