লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সপদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শপরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গত ২১ জানুয়ারি মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সপদে (নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক) পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতিকে পাঠানো হয়েছে।