মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের একটি বহুতল ভবনের ছাদ থেকে এক নারী ও শিশুকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
ভুক্তভোগী তরুণী জানান, তিনি ভবনের নিচে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ওপর থেকে তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথম দফায় তিনি দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।
তরুণী সরাসরি অভিযোগ করে বলেন, ‘আমি মুন নামের একজনকে ছাদ থেকে অ্যাসিড মারতে দেখেছি। আর আসিফ নামের আরেকজন নিচ থেকে ফোনে তার সাথে কথা বলছিল।’
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ঘটনার বিবরণ দিয়ে জানান, ওই তরুণী নিচে দাঁড়িয়ে থাকার সময় পাঁচতলার ছাদ থেকে পরপর দুবার অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথমবার তরুণী সরে গেলে অ্যাসিডটি রাস্তায় পড়ে এবং সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে। ঘটনার পরপরই অভিযুক্ত আসিফ ও মুন একটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের বাড়ি স্থানীয় খামপাড়ায়।
পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী তরুণী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী লিপিবদ্ধ করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।