কয়রা (খুলনা) প্রতিনিধি
নিষিদ্ধ সময়ে সুন্দরবনে বিষ প্রয়োগ করে আহরণ করা প্রায় ১৫০ কেজি চিংড়ি ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
রোববার ভোরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং লঞ্চঘাটসংলগ্ন হারেসখালী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার নাসির উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে খুলনা স্মার্ট পেট্রোলিং টিম-১ এবং বজবজা বন টহল ফাঁড়ির সদস্যরা অংশ নেয়।
অভিযানের সময় নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষ দিয়ে ধরা চিংড়ি উদ্ধার করা হলেও জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
পরে জব্দ করা চিংড়ি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালতের নির্দেশে পচনশীল হওয়ায় সেগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। অবৈধভাবে বিষ প্রয়োগ করে মাছ আহরণের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।