চেয়ারম্যান বলছেন জানেন না
তার নির্দেশেই কাজের দাবি ব্যবসায়ীর
এম জুবায়ের মাহমুদ
, শ্যামনগর (সাতক্ষীরা)
পুরনো গোখানা (কসাইখানা) সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তবে, সেই আবেদনের অনুমোদন না মিললেও সেখানে বড় একটি স্থাপনা নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হওয়ার পথে।
পুরনো গোখানার তুলনায় প্রায় চার গুণ বেশি জায়গাজুড়ে কংক্রিটের কলাম তুলে এই ভবন নির্মাণ করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যানের দাবি, তিনি শুধু সংস্কারের আবেদন করেছিলেন এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে কিছু জানেন না। অন্যদিকে, মাংস ব্যবসায়ীরা বলছেন, চেয়ারম্যানের নির্দেশেই তারা এই কাজ করছেন।
ঘটনাটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারে, খোলপেটুয়া নদীর পাড়ের।
গরু জবাইয়ের স্থান হিসেবে ব্যবহারের কথা বলে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পুরনো গোখানার নির্ধারিত জায়গার মধ্যে সীমাবদ্ধ না থেকে আশপাশের প্রায় চার গুণ জায়গাজুড়ে নতুন করে কংক্রিটের কলাম তোলা হয়েছে। কলামের সঙ্গে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণের কাজও প্রায় শেষপর্যায়ে।
নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক শাহাজান কবির জানান, মাংস ব্যবসায়ী আনারুজ্জামান খোকন তাদের দিয়ে কাজ করাচ্ছেন। কাজের অনুমতি বা জমির মালিকানা সম্পর্কে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে মাংস ব্যবসায়ী আনারুজ্জামান খোকন বলেন, ‘চেয়ারম্যান আমাদের কাজ করতে বলেছেন। তিনি আবেদন করেছেন, তবে তা অনুমোদন হয়েছে কি না জানি না। চেয়ারম্যানের কথাতেই কাজ করছি।’
নির্মাণকাজ বন্ধে ভূমি অফিসের লোকজন যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নায়েব অফিসের লোকজন এসে কাজ বন্ধ করে দিয়েছে এবং স্থাপনাটি ভেঙে দিতে চেয়েছিল। পরে চেয়ারম্যান ও মোশাররফ মেম্বার তাদের সঙ্গে কী কথা বলেছেন, তা তারাই জানেন।’
অভিযোগের বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, ‘আগে সেখানে বাজারের একটি গোখানা ছিল। সেটি সংস্কারের জন্য আবেদন দিয়েছিলাম। কিন্তু নতুন ভবন নির্মাণের বিষয়টি আমি কিছুই জানি না।’
চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত আবেদনপত্রে দেখা যায়, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নওয়াবেঁকী বাজারের গোখানা সংস্কারের অনুমতি চাওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, পুরনো গোখানাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় মাংস ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সেটি সংস্কার করতে চান। তবে প্রশাসন থেকে আবেদনটির কোনো অনুমোদন দেওয়া হয়নি।
এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘চেয়ারম্যান সংস্কারের জন্য আবেদন করেছিলেন। ইউএনও স্যার আবেদনটি গ্রহণ করলেও এখনো কোনো আদেশ দেননি। নায়েব অফিসের লোকজন এলে আমরা জানিয়েছি, চেয়ারম্যান আজই ইউএনও স্যারের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।’
ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার প্রতুল জোয়ারদার জানান, ইউএনও স্যারের নির্দেশে প্রথমে স্থাপনাটি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে, ইউপি সদস্য মোশাররফ হোসেন তাদের অপেক্ষা করতে বলেন এবং চেয়ারম্যান সাহেব ইউএনও স্যারের সঙ্গে কথা বলবেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমবার ভূমি অফিসের লোকজন গিয়ে কাজ বন্ধ করার পরও নির্মাণকাজ চলতে থাকে। পরে ভূমি অফিসের পক্ষ থেকে নির্মাণস্থলে লাল ফিতা টানিয়ে ছবি তোলা হয় এবং তা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়। তবে, এ বিষয়ে কোনো লিখিত নোটিস দেওয়া হয়নি।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমোদন ও নকশাবহির্ভূত এই নির্মাণের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।