স্টাফ রিপোর্টার
, যশোর
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের 'অমিত্রাক্ষর' সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি সব দপ্তরের পারস্পরিক সমন্বয় বাড়াতে হবে। উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নিয়মিত অগ্রগতি তদারকি করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। জনগুরুত্বপূর্ণ কোনো প্রকল্পে অবহেলা বা অনিয়মের সুযোগ রাখা যাবে না বলেও উল্লেখ করেন ডিসি।
সভায় জেলার বিদ্যুৎ, সড়ক ও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জনস্বাস্থ্য প্রকৌশল ও স্থানীয় সরকার বিভাগের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কাজের অগ্রগতি ও মাঠপর্যায়ের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।