স্টাফ রিপোর্টার
, যশোর
শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ তৈরির অংশ হিসেবে প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর প্রাঙ্গণে 'রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৬' উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সল, নির্বাহী সচিব গাউসুল আযম, অ্যাডমিন মোস্তফা কামাল, অধ্যক্ষ সারাফাত হোসেন, হাসানুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অভিভাবক হাবিবুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়।
অভিভাবক নার্গিস বেগম বলেন, জরুরি মুহূর্তে নিজের রক্তের গ্রুপ জানা না থাকলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। একই সঙ্গে রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো যায়, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই এ বিষয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ সেই দায়িত্বশীল কাজটিই করছে।
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি এম আবু ফয়সল বলেন, শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।