স্টাফ রিপোর্টার
, যশোর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা, শহর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী।
আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দীন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, পেশাজীবী থানা শাখার সভাপতি রশিদুজ্জামান রতনসহ অন্য নেতারা।
এ ছাড়া শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি ইমরান হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক।
সমাবেশে বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা গোপালগঞ্জে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে অবিলম্বে 'জুলাই সনদ' বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে জুলাইয়ের মতো আবারও গণ-আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তারা আবু সাঈদ, মুগ্ধ ও হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দড়াটানা ভৈরব চত্বর, নেতাজী সুভাষচন্দ্র সড়ক দিয়ে শহরের মণিহার মোড়ে গিয়ে শেষ হয়।